মানিকগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে আড়াই হাজার লোকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে থানায় মামলাটি করেন মানিকগঞ্জ সদর থানার এসআই আব্দুল লিটন।
এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা জেলা শহরের সেওতা এলাকার শহীদ তজু সড়কে যান চলাচল বন্ধ রেখে সরকার ও রাষ্ট্রবিরোধী সেøাগান দিতে থাকে। রাস্তা বন্ধ না করে যান চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করলেও তারা রাস্তার ওপর অবস্থান নেয়। একপর্যায়ে তারা পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়। পুলিশের পক্ষ থেকে বাঁশি বাজিয়ে তাদের ওপর মৃদু লাঠি চার্জ করা হয়। এরপর আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার ও কনস্টেবল শাহীনসহ সাত পুলিশ সদস্য আহত হন। তারা দু’টি মোটরসাইকেল ভাঙচুরসহ ব্যাপক ক্ষতি করে।
ওসি আব্দুর রউফ সরকার জানান, আসামিদের মধ্যে প্রথম তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।



