কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি একটি অসভ্য ও বর্বর দল। অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য ১৫০ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল তারা। বিএনপি শত শত কোটি টাকা এদেশ থেকে লুট করে বিদেশে পাচার করেছেন। বিএনপি এখনো ক্ষমতায় আসার জন্য ২০১৩ সালের পুনরাবৃত্তি করতে চাচ্ছে।
তিনি বলেন, দেশকে আবারো অস্থিতিশীল করতে চাইলে আমরা আওয়ামী লীগের কর্মীরা তা প্রতিহত করব।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত সোনারগাঁও আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দিবেন। আপনারা অবৈধভাবে ক্ষমতার আসার চেষ্টা না করে জনগণের ভোটের মাধ্যমে আসার চেষ্টা করেন।
তিনি আরো বলেন, আমরা এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করেছি। আমরা জীবন বাজি রেখে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধু এক ডাকে দেশ স্বাধীন করেছিলাম। আজ সোনারগাঁওয়ের সম্মেলনের এসে যখন দেখি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন দেখে আমার মনটা আনন্দে ভরে যায়। এইসব তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের খুঁটি।
মন্ত্রী বলেন, আমরা ২০০৮ সালে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছিলাম, যখন দেশের অবস্থা খুব খারাপ ছিল। আমরা তখন বলেছিলাম এই দেশকে বিদ্যুৎ খাতে সফলতা এনে দিবো, এদেশের জনগণকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো, বেকারত্ব দূর করবো। মাননীয় প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন।
তিনি বলেন, বিএনপি’র আমলে সার নিয়ে কৃষকরা আন্দোলন করেছিল। বিএনপি তখন সার দিতে না পেরে তাদের বুকে গুলি চালিয়েছিল। এই বুলেটের জবাব আপনারা ২০০৮ সালের নির্বাচনে দিয়েছিলেন। বর্তমান সরকারের আমলে সারের কোনো অভাব হয়নি, ডিলারের পিছনে দৌঁড়ানো লাগেনি। এগুলো সবই শেখ হাসিনার অবদানে হয়েছে। আমরা গত বছর সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেই। এই বছর আরো বেশি ভর্তুকি দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কথা চিন্তা করে এইসব করছেন। আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি। আরো উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই উন্নয়ন কাজ আরো গতিশীল রাখতে হলে আপনারা আমাদের আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবিউল্লাহ হিরু, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল ক্রান্তি দাস, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহিদ মোঃ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান দিপু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।



