নারায়ণগঞ্জে বিজিএমইএ’র উদ্যোগে ফ্রি যক্ষা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিজিএমইএ-এর যক্ষা নির্ণয় কেন্দ্রের নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন পোশাকশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিনামূল্যে গার্মেন্টস শ্রমিকরা চিকিৎসা পাবে।
শনিবার তিনি জামতলার একটি দোতলা ভবনে এই নির্ণয় কেন্দ্রর উদ্বোধন করেন। ওই ভবনটি নারায়ণগঞ্জ ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানী ও বিজেএমইএ-এর পরিচালক নিলা হোসনে আরা দম্পত্তির মালিকানাধীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ’র পরিচালক নারায়ণগঞ্জ ফতুল্লা ক্রোনি গ্রুপের চেয়ারম্যান নিলা হোসনে আরাকে কৃতজ্ঞতা জানিয়ে বিজেএমএই সভাপতি ফারুক হাসান বলেন, নিলা হোসনে আরা তার নিজ বাসার জায়গা ছেড়ে দিয়ে এই মেডিকেল কেন্দ্রটি করেছেন। তার সহযোগিতা না পেলে হয়তো এই সেন্টারটি করতে আমাদের আরো দেরি হতো। অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ক্রোনি গ্রুপকেও ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, তৈরি পোশাক শিল্পের সূদুরপ্রসারী কল্যাণ ও লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ২০০৯ সালের ২৮ জুন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে দিয়ে বিজিএমইএ’র যক্ষা নির্ণয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এই দীর্ঘ ১৩ বৎসরে অর্থাৎ ২০২২ সালের জুন মাস পর্যন্ত ঢাকা, বিজিএমইএ’র নারায়ণগঞ্জ, গাজীপুর, কোনাবাড়ি, আশুলিয়া, হেমায়েতপুর এবং চট্টগ্রামের মোট ১১টি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পোশাকশিল্প কারখানার ১৪ হাজার ২০৫ জন যক্ষা রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে ১০ হাজার ৫০১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে শ্রমিক, ম্যানেজার এবং সুপারভাইজারদের নিয়ে এক হাজার ৮৯টি যক্ষা সংশ্লিষ্ট সচেতনামূলক ওয়ার্কশপ করা হয়েছে, যেখানে ৫৩ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম আসলাম সানী ও নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মুশিউর রহমান উপস্থিত ছিলেন।



