খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) কমান্ডার অংথুই মারমা ওরফে আগুনকে (৫২) হত্যার প্রতিবাদে পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
রোববার জেলার পাঁচ উপজেলায় সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
শনিবার দুপুরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি অবরোধ কর্মসূচি সফল করতে সকল যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন। জেলার গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলা অবরোধের আওতায় থাকবে বলে উল্লেখ করা হয়।
অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্ব্যুলেন্স, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যানসহ সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এর আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় বিবৃতিতে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টার সময় গুইমারার দেওয়ান পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ কমান্ডার অংথুই মারমা আগুনকে গুলি করে হত্যা করে।



