ঝালকাঠির কাঁঠালিয়া প্রেস ক্লাবের সামনে হত্যার বিচারের দাবিতে রাকিবুল ইসলামের লাশ নিয়ে অবস্থান ও মানববন্ধন করেছেন স্বজনেরা। গতকাল ৩ সেপ্টেম্বর শনিবার সকালে এ মানববন্ধনে হত্যাকরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ঘণ্টাব্যাপী অবস্থান ও মানববন্ধনে অংশ নেন নিহত রাকিবুলের অন্তঃসত্ত্বা স্ত্রী হাঁসি বেগম, রাকিবুলের বাবা শফি হাওলাদার, মা লিলি বেগম, রাকিবুলের ছেলে সাকিবুল ইসলাম, চাচা তরিকুল ইসলাম, বোন সুলতানা বেগম ও অন্যান্য আত্মীয়স্বজনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকাবাসী।
এ সময় লিখিত অভিযোগপত্রে রাকিবুলের ছেলে সাকিবুল ইসলাম জানান, বাবাকে হত্যা করার কারণে আমরা আজ অসহায়। আমাদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। এই মানববন্ধনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার বাবা হত্যার বিচারের দাবি জানাই।
কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা দক্ষিণ চেঁচরী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নান্না মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেলে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপণ করা নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ দুই পক্ষের কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হন।