মিরসরাইয়ে ঘরের দরজা ভেঙে নগদ ১২ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরের দল। শুক্রবার রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম জামালপুর এলাকার গিয়াস উদ্দিন সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার বিকেলে গিয়াস উদ্দিন জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।
গিয়াস উদ্দিন সওদাগর বলেন, শুক্রবার সকালে আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে হেপাটাইটিস ইনজেকশন গ্রহণের জন্য যাই। সেখান থেকে রাত ১১টায় দিকে বাড়িতে ফিরে এসে দেখি চোরের দল ঘরের ভেতর প্রবেশ করে ছয়তলা কক্ষের দরজার তালা ভেঙে আলমারির মধ্যে রাখা নগদ ১২ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ঘরের মেইন গেইটের তালা লাগানো ছিল। তারা দেয়াল বেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। আমি ঢেউটিনের ব্যবসা করি। ব্যবসায়িক কাজে এ টাকাগুলো বৃহস্পতিবার ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে রেখেছিলাম। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সাঈদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



