খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) কমান্ডার অংথুই মারমা ওরফে আগুন (৫২) হত্যার প্রতিবাদে ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে।

অবরোধের ফলে খাগড়াছড়ির সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের সাথে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকালের দিকে পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছেছে।

আধাবেলা অবরোধ চলাকালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে পাঁচ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ জানান, এলাকার বিভিন্ন সড়কে সাতটি স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সেনাবাহিনীও মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশকে সহযোগিতা করছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কমান্ডার অংথুই মারমা আগুন নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলার পাঁচ জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয়।