গোপালগঞ্জে আলী আকবর নামে এক মোটরসাইকেলচালককে হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে। রোববার গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো: আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি সুমন মোল্লা মাদারীপুর জেলার রাজৈড় উপজেলার মাজুমদারকান্দি গ্রামের জালাল মোল্লার ছেলে ও নুরু ফরাজী ওরফে নুরুল একই এলাকার মান্নান ওরফে মুনিত ফরাজীর ছেলে।
মামলার দুই আসামিই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন হয়েছে।
রায়ের বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৫ মে সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় থেকে অজ্ঞাত দুই যুবক আলী আকবরের মোটরসাইকেল ভাড়া নিয়ে টেকেরহাটের উদ্দেশে রওনা হয়। রাতে আলী আকবর আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা-গান্ধিয়াশুর সড়কের বাজুনিয়া হাবিব নগর মাঠ থেকে আকবরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর আলী আকবরের ভাই আলী আহম্মদ বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা শেষে দীর্ঘ ১৪ বছর পর পেনাল কোডের ৩০২ এর ৩৪ ধারায় ওই দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থ দণ্ডাদেশ দেন আদালত।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: শহিদুজ্জামান খান ও আলী আকবরের পরিবার।