চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকসা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সিএনজি যাত্রী আশিক চন্দ্র সজল (২৮) মারা গেছেন। এর আগে দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সোহেল রানা (৩২) নামে এক মৎস্যচাষি নিহত হন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় মুহুরী প্রজেক্ট বেড়িবাঁধ সড়কের ঘাটঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত সজল চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে মারা যান।

তিনি সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকার বলে জানা গেছে। এছাড়াও চিকিৎসাধীন আছেন আহত সাইফুল ইসলাম টিটু (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত সোহল রানা ও আহত সাইফুল ইসলাম টিটু যৌথভাবে মুহুরী প্রজেক্ট এলাকায় দীর্ঘদিন যাবত মৎস্য চাষ করে আসছিল। শনিবার সন্ধ্যায় তারা মৎস্য প্রকল্প দেখাশোনা করে মুহুরী প্রজেক্ট বাজারে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে ঘাটঘর এলাকায় পৌঁছলে সড়কের দুরাবস্থার কারণে সৃষ্ট গর্তে পড়ে যায় তাদের মোটরসাইকেল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত সিএনজি যাত্রী আশীক চন্দ্র শীল চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম টিটু (৩০)-কে মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক বলেন, মোটরসাইকেল ও সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে আমার ইউনিয়নের সোহেল রানা নামে এক যুবক ঘটনাস্থলে মারা গেছে। আজ শুনেছি চমেকে চিকিৎসাধীন অবস্থায় আহত সিএনজি যাত্রী সজলও মারা যান।