মানিকগঞ্জের সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন প্রতিবেশী তোফাজ্জল হোসেনকে (৩২) কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহত তোফাজ্জল সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বলধারা ইউনিয়নের ব্রী-কালিয়াকৈর গ্রামে। এ ঘটনায় তোফাজ্জলের বাবা হিম্মত আলী বাদি হয়ে ৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, গ্রামের হিম্মত আলী ও মোকছেদ আলী গংদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শনিবার বিকেলে মোকছেদ ও তার লোকজন প্রতিবেশী হিম্মত আলীর বাড়ির সামনে তার ছেলে তোফাজ্জলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে হিম্মত আলী ও তার বড় ছেলে উজ্জ্বল এগিয়ে গেলে তাদেরকেও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা চলে যায়।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মনোহর আলী বলেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।