পাবনার সুজানগরে ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এরশাদ শেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত চার থেকে পাঁচজন।
রোববার রাত ৯টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের চলনা গ্রামের মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এরশাদ একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকেলে ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে রাতে দু’গ্রুপ আবারো বড় ধরনের সংঘর্ষে জড়ায় এবং বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে এলাকায় আবারো উত্তেজনা দেখা দেয় ও বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার প্রাথমিক তথ্য পেয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।



