দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে রিজভি আহম্মেদ রাহাত (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার চাঁদাপাড়া গ্রামে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

রিজভি ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে। সে সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত ও তার সহপাঠি নিরব, সৌমিক, শেখ সাদী সিজান, মাহাতাব মিলে চাঁদপাড়া এলাকায় বেড়াতে যায়। ওই সময় গ্রামের পাশ দিয়ে প্রাবাহিত ছোট যমুনা নদীতে তারা গোসেলে নামে। একপর্যায়ে সহপাঠিরা উঠে এলেও রাহাতকে নদীর পানিতে দেখতে না পেয়ে তারা চিৎকার করে তাকে খুঁজতে থাকে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে তাকে খুঁজতে থাকে।

খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। প্রায় দু’ঘণ্টা প্রচেষ্টায় বিকেল সাড়ে ৩টায় স্থানীয়রা রাহাতে লাশ উদ্ধার করে। পরে পুলিশ রাহাতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসান বলেন, তারা খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হলে রংপুর ডুবুরি দলকে খবর দেয়া হয়। এরই মধ্যে স্থানীয়রা রাহাতের লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রস্তুতি চলছে।