লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচিত তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন বিকেল সাড়ে ৩টায় লাকসাম স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাতপরিচিত এক ব্যক্তি (৫৩) ইঞ্জিনের চাকার সাথে আটকে যায়। পরে রেলওয়ের স্যানেটারি কার্যালয়ের সামনে ট্রেন থামলে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। লাকসাম রেলওয়ে জংশনের নিরাপত্তা বাহিনীর কার্যালয়ের অদূরে ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন।
অপরদিকে, রোববার দিবাগত রাতে ট্রেনে কাটা পড়ে লাকসামের আজগরা ইউনিয়নের কোমড্ডা গ্রামে অজ্ঞাতপরিচিত এক যুবকের মৃত্যু হয়। লাকসাম রেলওয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
অন্যদিকে, রোববার সন্ধ্যায় লাকসাম-ঢাকা রেললাইনের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. শহীদ মিজি (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। ওই বৃদ্ধ চাঁদপুর সদর উপজেলার ধনপর্দ্দি এলাকার মৃত রমজান আলী মিজির ছেলে। রেলওয়ে থানা পুলিশ ময়নাতদন্ত শেষে সোমবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক শহীদুর রহমান ও উপপরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করেন।



