নরসিংদীতে নেশার টাকার জন্য এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর স্ত্রীর রেখে পালিয়ে যায় স্বামী। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গতকাল সোমবার দুপুরে জেলার পলাশ উপজেলার ঘোড়াশার পৌর এলাকার ভাগ্যেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতœা বেগম (১৮) ভাগ্যের পাড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। অপরদিকে অভিযুক্ত স্বামী আল রাব্বি (১৯) একই গ্রামের আল আমিন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত রতœার সাথে রাব্বির দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রায় সময় রাব্বি স্ত্রী রতœাকে মারধর করত। সর্বশেষ সোমবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে লাখ টাকা এনে দেয়ার কথা বলে রাব্বি। এ সময় টাকা এনে দিতে অস্বীকৃতি আবারো মারধর শুরু করে। একপর্যায়ে রতœার পেটে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্বামী রাব্বি। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রতœাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।