কেন্দ্রীয় বিএনপি দলের নির্দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ কয়েকটি ইস্যুতে বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির। এ জন্য রোববার বিকেলে পাথরঘাটার নাচনাপাড়া সিঅ্যান্ডবি রোড এলাকায় তার গাড়িবহরে হামলা করে যুবলীগ-ছাত্রলীগ। তবে এ ঘটনায় এলাকায় এসে মামলার আসামি হয়ে গেলেন তিনি। একই সাথে আরো ৩৯৯ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
জানা গেছে, মনি ও তার ভাই সাইফুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, বিএনপি নেতা সেলিম পহলান, আবুল হোসেনসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ মামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, ছাত্রদলকর্মী হাসিব ও শাওন।
ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর হামলা চালানোয় এ মামলাটি করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মো: আবদুল ছালাম সোমবার দুপুরে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
রোববার বিকেলে পাথরঘাটায় আসেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পথে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় তার সাথে থাকা লোকজন ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর হামলা চালায়। কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর লোকজনও এ সময় হামলা চালায়। দুই গ্রুপের হামলা-সংঘর্ষে আহত হন নুরুল ইসলাম মনি, আলাউদ্দিন পল্টুসহ অন্তত ১২ জন। ভাঙচুর করা হয় শতাধিক মোটরসাইকেল।