চকরিয়া পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রকাশ্যে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে মারধর করেছেন কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম। গত রোববার রাতে সংবাদ সম্মেলন ডেকে এমন অভিযোগ করেন মারধরের শিকার চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোছাইন।
প্রত্যক্ষদর্শী ও দলের নেতাকর্মীরা জানান, গত রোববার দুপুর ১২টার দিকে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলাকালে আলমগীর হোছাইন বক্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেন। ওইসময় এমপি জাফর আলম বক্তব্য দেয়া যাবে না বলে তাকে জানিয়ে দেন। একপর্যায়ে কেন বক্তব্য দেয়া হবে জানতে চান আলমগীর। এ সময় এমপি ক্ষিপ্ত হয়ে আলমগীরকে গালাগাল করেন ও থাপ্পড় মারেন। ওইসময় এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী ও ছাত্রলীগ নেতা মিসকাত খোকার নেতৃত্বে আলমগীরের উপর আরেক দফা হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে আওয়ামী লীগের নেতারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
পৌর শহরে ব্যক্তিগত প্রতিষ্ঠানের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আলমগীর হোছাইন বলেন, পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলাকালে এমপি জাফর আলম অতর্কিতভাবে আমাকে মারধর করে। পরে তার নির্দেশে আবারো আমার উপর ঝাঁপিয়ে পড়ে এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী ও মিসকাত খোকার নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী। তারা আমার শরীরের বিভিন্ন অংশে জখম করেছে। তার পুরো পরিবার আওয়ামী লীগ করে দাবি করে তিনি এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছের বিচার দাবি করেন।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া সাংগঠনিক টিমের সদস্য সচিব অ্যাডভোকেট রনজিত দাশ বলেন, আওয়ামী লীগ নেতা আলমগীরের বক্তব্য দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় এমপির সাথে। ওইসময় তার অনুসারীরা এসে মারধর করেছে। এই নিয়ে পুরো উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে।