চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়েতে রাজি না হওয়ায় এক পাষণ্ড ছেলে খুন করেছে তারই বাবাকে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিয়ারী হাসনাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম মো. বেলাল হোসেন (৬০)। নিহত বেলালের বাড়ি নোয়াখালী সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামে বলে জানা গেছে।
তারা দীর্ঘ দিন ধরে উপজেলার ভাটিয়ারী হাসনাবাদ বাপ্পির কলোনীতে ভাড়ায় থাকতেন। বখাটে ও বেকার ছেলে মো. হেলাল (২০) একটি মেয়েকে বিয়ে করার জন্য তার বাবাকে বার বার চাপ সৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে ছেলে হেলাল হোসেন স্থানীয় একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি হেলাল এ মেয়েটিকে বিয়ে করানোর জন্য তার বাবাকে বার বার তাগাদা দিতে থাকেন। কিন্তু ছেলে বেকার ও বখাটে হওয়ায় বাবা এ সময়ে তাকে বিয়ে করাতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের মধ্যে ঝগড়া বাধে। এতে তার বড় ভাই রুবেলও বাধা দিলে বখাটে বেলাল তাকে পিটিয়ে গুরুতর আহত করলে বাবা এর প্রতিবাদ জানালে এ সময় বখাটে হেলাল বাবা বেলালের বুকে উপর্যপুরি ছুরিয়ে দিয়ে কুপিয়ে জখম করে আহত করলে স্থানীয়া তাকে উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেপার করেন। এ সময় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সীতাকুণ্ডে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ মর্মান্তিক ঘটনার আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে চমেক মর্গে পাঠানো হয় এবং এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।



