চালককে মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তা দাবিতে মঙ্গলবার ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ ধর্মঘট পালিত হয়। আকস্মিক বাস ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হয় যাত্রীদের।
জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সকাল ১০টার দিকে ভাণ্ডারিয়া থেকে যাত্রীবাহী বাস আল মদিনা ঝালকাঠির বারইবাড়ি এলাকায় এলে বাস মালিক সমিতির চেকপোস্টে গাড়িটি থামানো হয়। এ সময় গাড়িচালক হেলালের সাথে মালিক সমিতির চেকপোস্টে বহিরাগত কয়েক যুবকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গাড়িচালককে মারধর করা হয়। এ ঘটনার পর শ্রমিক ইউনিয়নের নেতারা তাৎক্ষণিক বৈঠক ডেকে বাস ধর্মঘটের ডাক দেন।
শ্রমিকনেতাদের অভিযোগ, বাস মালিক সমিতি সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্টে বহিরাগত লোক বসিয়ে গাড়িচালকদের হয়রানি করে। চালকদের মারধরের ঘটনাও ঘটে প্রায়ই। চালকদের নিরাপত্তার অভাবে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে উভয় সংগঠনের মধ্যে বৈঠকে সমঝোতা হলে বেলা ৩টায় বাস চলাচল শুরু হয়।
বাস ও মিনি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন বলেন, শ্রমিকদের সাথে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা সমাধান হয়েছে। পুনরায় বাস চালাচলও শুরু হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সামান্য ঘটনা ঘটেছে। এটা মীমাংসা হয়ে গেছে।