মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ডে ছিনতাইয়ের শিকার হয়েছেন পিতা-পুত্রসহ তিন ব্যবসায়ী।
সোমবার রাত পৌনে ১২টায় ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন পুরান বাউশিয়া আব্দুল্লাপুর রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মো: কুদ্দুস, ব্যবসায়ী মো: জাহাঙ্গীর ও তার ছেলে মো: ফয়সাল।
মো: ফয়সাল বলেন, সোমবার রাতে দোকান বন্ধ করে অটোরিকশায় বাড়ি ফিরছিলাম। পেছন থেকে একটি সিএনজি গতিরোধ করে। কয়েক জন সিএনজি থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আমার বাবার মাথায় ও হাতের একাধিক স্থানে মারাত্মক যখম হয়। আশপাশের লোকজনের সহযোগিতায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠায় বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবার মোহাম্মদালি প্লাজায় তালা কেটে প্রবেশের সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা হলো মো: রিপন মিয়া ও বাদশা মিয়া (২৮) ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, চুরির ঘটনায় দু‘জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুজনেরই বাড়ি কুমিল্লায়।



