মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাশিদুল ইসলাম রাশিদ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ১২ জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে কাজলী মোল্লা বাড়ির সামনে রাশিদুল প্রতিপক্ষের হামলার শিকার হন।

রাশিদুল হোগলডাঙা গ্রামের মৃত কওছার আলী মোল্লার ছেলে।

রাশেদুলের চাচাত ভাই টুটুল মোল্লা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পবোন মল্লিক ও হান্নান মোল্লার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সন্ধ্যার পর পবোন মল্লিকের সর্মথক রাশিদুল স্থানীয় কাজলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মোল্লা বাড়ির সামনে রাশিদুলকে হান্নান মোল্লা ও তার সমর্থকরা রাম দা ও সড়কি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

এ খবর পেয়ে রাশিদুলের পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসান মল্লিক, এনামুল মোল্লা, আপাম মোল্লা, উকিল মোল্লা, টোকন, আতিয়ার রহমানসহ ১২ জনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান।

টুটুল মোল্লা আরো বলেন, ‘একই গ্রামের হান্নান মোল্লা গ্রুপের সাথে আমাদের দীর্ঘ দিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল। তারা পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই।’

চিকিৎসক ডা. রফিকুল আহসান বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে রামদা এবং সড়কি দিয়ে কোপানো হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে তিনি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনা তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।