বিএনপি নেতাকর্মীরা সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে মাঠে নামলেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে ২০১৬ ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে করা মামলায় হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, দেশে এখন গণতন্ত্রের লেশমাত্র নেই। জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে হরণ করে বর্তমান কর্তৃত্ববাদী একদলীয় বাকশালী সরকার সবকিছু তছনছ করে দিয়েছে। এই অবৈধ ফ্যাসিবাদী সরকার ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরংকুশ করার জন্য সারা দেশে নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার, অপহরণ, গায়েবি মামলা, খুন, গুম নিত্যদিনের খেলা হিসেবে চালাচ্ছে। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া বিএনপিকে নিধন করার লক্ষ্যে মূল হাতিয়ার হিসেবে হেফাজতের মামলাগুলোকে ব্যবহার করে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে প্রতিনিয়ত তল্লাশির নামে হয়রানি করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপির ২ থেকে আড়াইশ লোককে এসব মামলায় গ্রেফতার করা হয়েছে।
লিখিত বক্তব্যে বিএনপি আহ্বায়ক ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্তের আহ্বান জানান। তিনি সরকারি দলের শীর্ষ নেতৃবৃন্দকে প্রতিহিংসা বন্ধ করে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জেলা বিএনপি সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, এ বি এম মোমিনুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।