ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা বিএনপির দলীয় অফিসে হঠাৎ করেই দেখা যাচ্ছে কৃষি অফিসের সাইনবোর্ড। তবে কে বা কারা এই সাইনবোর্ড লাগিয়েছে তা জানা যাচ্ছে না।

বুধবার সকালে রুহিয়া থানা বিএনপির অফিসে সাইনবোর্ডটি দেখতে পান স্থানীয়রা। এরপর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয় জেলা জুড়ে। দলীয় অফিসে এমন সাইবোর্ড দেখে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা।

অফিসের সামনের দোকানী সাজ্জাদ জানান, ‘আগের দিন আমরা এমন কোনো সাইনবোর্ড দেখতে পাইনি। সকালে দোকানে আসার পর সাইনবোর্ডটি দেখতে পেয়েছি। গভীর রাতেই এই সাইনবোর্ডটি টানানো হতে পারে।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘সম্প্রতি ৩ সেপ্টেম্বর রুহিয়ার দলীয় অফিস ভাঙচুর করে আওয়ামী লীগ। আমরা সেটার জন্য আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে আজ সকালে দেখি ওই অফিসের ধ্বংসস্তুপের ওপরে কৃষি সম্প্রসারণ অধিদফতর রুহিয়া শাখার একটি সাইনবোর্ড। আমি অবাক হয়ে যাই।’

তিনি আরো বলেন, ‘আমরা কৃষি অফিসারের সাথে কথা বলেছি তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। আমরা দলীয়ভাবে বসেছি। প্রশাসনকে লিখিত অভিযোগ দেয়া হবে। যারা এমন কার্যকলাপ করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।’

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় জানান, ‘আমাদের পক্ষ থেকে সাইনবোর্ড লাগানো হয়নি।’