রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সদর উপজেলার বাণিবহ ইউনিয়নে ব্র্যাক স্কুলের এক ছাত্রীকে (১৬) ধর্ষণের মামলায় মো: খলিল ও মো: নীল চাঁদ নামের দু‘আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দু’বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।

বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো: খলিল রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামের মো: নিজাম উদ্দিনের ছেলে ও নীল চাঁদ একই গ্রামের মো: রহিম শেখের ছেলে।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর দুপুর ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য ব্র্যাক স্কুলের এক ছাত্রী (১৬) মাঠে যান। ওই সময় স্থানীয় দু’আসামি ওই ছাত্রীকে দেখে এগিয়ে যান এবং তার মুখ চেপে ধরে কলা বাগানে নিয়ে ধর্ষণ করেন। ওই ঘটনায় ছাত্রীর মা রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলাটি রাজবাড়ী থানা পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উমা সেন বলেন, দীর্ঘ শুনানি ও স্বাক্ষীদের জেরা শেষে ওই দুই আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দু’বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।