কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: ইরাজ মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

তিনি অটোরিকশা চালক ছিলেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইরাজ মৃত কালার বাপের ছেলে।

এলাকাবাসী ও মৃতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, বুধবার সারাদিন অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়িতে এসে অটোরিকশাটির ব্যাটারিতে বিদ্যুতের প্লাগ লাগিয়ে নিচে শুয়ে গাড়ির কাজ করছিলেন। এ সময় লোডশেডিং চলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় অটোরিকশার নিচেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী বিদ্যুতের লাইন বন্ধ করে অটোরিকশার নিচ থেকে তাকে টেনে বের করেন।

পরে অচেতন অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গরিব পরিবারের সন্তান মৃত ইরাজ মিয়া তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

তিন বছর আগে একই গ্রাম তিনি বিয়ে করেন। মোনালিসা নামে এক বছর বয়সী তার এক শিশু সন্তান রয়েছে।