নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মুখোমুখি আওয়ামী লীগ। এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। দলীয় মনোনয়নের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এরই মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন গতকাল বুধবার মনোনয়ন জমা দিয়েছেন। অপর দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দ্লু হাইও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই দ্ইুজনই নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিগত দিনে দায়িত্ব পালন করেছিলেন।
দলীয় সূত্র মতে, জেলা পরিষদের এবারের নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়নপ্রত্যাশী তালিকায় বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় উঠেছে। তারা হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো: আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো: শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এবং নারায়ণগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রকিব।
গত ৪ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। মনোনয়নপত্র বিতরণ আজ ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় ৬১ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, আমি দলের কাছে মনোনয়ন চাইব। আমি আশাবাদী দল আমাকে মূল্যয়ান করবে। এর আগে আমি সৎ ও নিষ্ঠার সাথে এই জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছি। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন গতকাল বুধবার মনোনয়ন জমা দেয়ার পর জানান, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি। মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে প্রথম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। আমার বিশ^াস এবারো নেত্রী আমাকে মনোনয়ন দিবেন।
সূত্র মতে, জেলা পরিষদ নির্বাচনের ভোটার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরস, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট ভোটার সংখ্যা ৬১০। আর জেলা পরিষদের একজন চেয়ারম্যান এবং পাঁচটি সদস্য ও দুইটি সংরক্ষিত মহিলা সদস্য পদে একটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, জেলা প্রশাসক জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং ভোট হবে ইভিএমে। নির্বাচনে জেলার মোট ভোটার ৬১০ জন। এর মধ্যে পুরুষ ৪৬৬ আর মহিলা ভোটার রয়েছে ১৪৪টি।