দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিনহাজ (১৯) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই বাংলাদেশী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।

বুধবার রাত পৌনে ১১টার দিকে দাইনুর সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একজন নিহত হন।

মিনহাজ দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

নিখোঁজরা হলেন একই ইউনিয়নের খানপুর খুদিহারা গ্রামের লতিফুল ইসলামের ছেলে এমতাজুল (৩০) ও একই ইউনিয়নের ভিতরপাড়া গ্রামের সালমানের ছেলে সাগর (২০)।

কেউ কেউ বলছেন, তারা দু’জন গুলিবিদ্ধ হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এর সত্যতা মেলেনি এখনো।

জানা গেছে, বুধবার রাতে পাঁচ শুটকি ব্যবসায়ী দাইনুর বিওপির ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মিনহাজের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এবং ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।

এলাকাবাসী জানান, সীমান্তে বিএসএফ গুলি চালালে মিনহাজ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মিনহাজের লাশ ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।

এ ব্যাপারে দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়কের মোবাইল ফোনে বেশ কয়েক বার ফোন দেয়া হলেও তা রিসিভ হয়নি।

দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন বলেন, এ বিষয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। যেকোনো মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয়ার সিদ্ধান্ত হবে।