রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরে ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বাজেট ঘোষণা করেন।
বাজেটে পরিষদের সংস্থাপন ব্যয়, উন্নয়ন ব্যয় ও আপদকালীন ব্যয় মিলে মোট ১৩টি খাতে ৮৩ কোটি টাকা ব্যয়ের আকার দেখিয়ে সরকারের কাছে থোক বরাদ্দ পাওয়ার প্রস্তাব করা হয়েছে। এবারের ব্যয় প্রস্তাব গত বছরের তুলনায় সাড়ে ৫ কোটি টাকা বেশি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন প্রকল্প ব্যয় ৬৮ কোটি এবং সংস্থাপন ব্যয় ১০ কোটি, আপদকালীন ব্যয় ২ কেটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে নিজস্ব আয় ৩ কোটি এবং সরকারের থোক বরাদ্দ ৮০ কোটি টাকা।
বাজেটে শিক্ষা, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, সদস্য অংসু চাইন চৌধুরী, ঝর্না খীসা, বিপুল ত্রিপুরা, আব্দুর রহিম, আসমা আক্তারসহ পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান প্রস্তাবনা বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।



