রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের কালিবাড়ী মোড় এলাকায় নছিমন ও ট্রাকের সংঘর্ষে মো. মঞ্জু মিয়া (৪০) নামে একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো দু‘জন মাছ ব্যবসায়ী আহত হয়েছে বলে জানা যায়। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মঞ্জু মিয়া রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মঞ্জুর বড় ভাই লুৎফর রহমান মিয়া বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাণিবহ বাজারে মাছ বিক্রি করে নছিমনে সহকর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন মঞ্জু। বাণিবহ ইউনিয়নের কালিবাড়ী মোড় ট্রাকের সাথে তাদের নছিমনের সংঘর্ষ হয়। এতে মঞ্জুসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মঞ্জুর অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

বাণিবহ ইউপি চেয়ারম্যান শেফালী আক্তার বলেন, নিহত মঞ্জুর লাশ ফরিদপুর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাণিবহ তার নিজ বাড়িতে আনা হবে।