গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব কর্মকারের বিরুদ্ধে। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, তাদের মেয়ে নিয়মিত স্কুলে যেত। কিন্তু গত সপ্তাহ থেকে সে কোনোভাবেই স্কুলে যেতে চায়নি এবং প্রচণ্ড আতঙ্ক নিয়ে সবসময় ঘরেই বসে থাকত। বিষয়টি নিয়ে তাদের মনে সন্দেহ হলে তারা জিজ্ঞাসাবাদ করে এ ঘটনা সম্পর্কে জানতে পারে।
বিষয়টি জানাজানি হওয়ার পরে স্কুলের অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারসহ কঠিন শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষক বিপ্লব কর্মকার মাদারবাড়ি গ্রামের দশরথ কর্মকারের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির বিষয়ে মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আাইনগত ব্যবস্থা নেয়া হবে।