গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ দু’জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ১০ যাত্রী আহত হয়েছে বলে জানা যায়। পৃথক দুর্ঘটনায় আরো একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে গুরুতর আহত পাচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম বাচ্চু মোল্লা (৫০)। তার বাড়ি খুলনায় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। তবে অন্য জনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাটের কাটাখালী থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস ঘটনাস্থলে আসলে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা স্কেবেটরের সাথে সংঘর্ষ হয়।

এদিকে, বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ট্রাকের চাকা পাল্টানোর সময় অজ্ঞাত গাড়ির চাপায় সেকেন্দার আলী (১৮) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো: তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।