বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের নয় জেলের সন্ধান মেলেনি ২১ দিনেও। আজো কোনো জনপ্রতিনিধি ও সরকারের কর্তা ব্যক্তিরা তাদের পরিবারের খোঁজ নেননি। প্রাকৃতিক দুর্যোগে বছরের পর বছর জেলেরা নিখোঁজ থাকলেও তাদের নাম আসে না মৃতদের তালিকায়। যে কারণে তাদের স্বজনরা পান না সরকারের কোনো সহায়তা।
ঝড়ের কবলে ভেসে যাওয়া ৯০ জেলে ভারতের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আটকে থাকলেও বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতার অভাবে ফিরিয়ে আনা যাচ্ছে না বলে অভিযোগ করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতারা।
ওই ট্রলারের ছয় জেলেসহ বিভিন্ন ট্রলারের মোট ৯ জেলের সন্ধান মিলছে না। দরিদ্র জেলে পরিবারগুলোতে চার-পাঁচজন করে সদস্য রয়েছেন। তারা অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দিন কাটাচ্ছেন, চাচ্ছেন সরকারের সহযোগিতা। ঝড়ের কবলে সমুদ্রে ভেসে ভারতে চলে যাওয়া জেলেদের উদ্ধারে সম্প্রতি ভারতে গিয়েছিলেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এ বিষয়ে তিনি বলেন, ভারতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা জেলেদের মধ্যে পাওয়া যায়নি নিখোঁজ ওই ৯ জেলেকে। এমনকি বছরের পর বছর নিখোঁজ থাকলেও মৃতদের তালিকায় নাম না আসায় স্বজনরা বঞ্চিত হচ্ছেন সরকারি সহায়তা থেকে।