কুষ্টিয়ার সদর উপজেলায় কাভার্ডভ্যানের সাথে দুই মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জুয়েল (২০), রাহুল (২২) ও ফারুক (২৪)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় তারা একে-অপরের থেকে দ্রুত গতিতে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন।
তিনি আরো বলেন, একপর্যায়ে ওই এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।



