পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে সাইদুর প্রামাণিক (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সাইদুর প্রামাণিক হেমায়েতপুর ইউনিয়নের চর প্রতাপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর শাখা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বলে নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন।
পুলিশ জানায়, জুমার নামাজের ঠিক কয়েক মিনিট আগে নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সাথে নিয়ে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। এ সময় ভয়ে তার সঙ্গীরা দৌড় দিয়ে পালিয়ে গেলেও দুর্বৃত্তরা তাকে গুলে করে হত্যা করে ফেলে রেখে চলে যায়। জুমার নামাজ শেষে মুসল্লিরা গুলির শব্দ শুনে দ্রুত সেখানে আসেন। এ সময় মৃত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, বেলা ১টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।



