দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদক কারবারি ও ছয়জন মাদকসেবীকে আটক করে ভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে পৌর শহরের ছোট যমুনা নদীর পাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিয়াজ উদ্দিন।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামসহ থানা পুলিশ ও আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্তরা হলেন- মাদক কারবারি পূর্ব গৌরীপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে কামাল হোসেন পলাশ (৪৫), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (৪৯), মাদকসেবী কাঁটাবাড়ী নয়াপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে শফিকুল ইসলাম, দক্ষিণ বাসুদেবপুর গ্রামের কোছের ব্যাপারীর ছেলে আলী হোসেন (২৮), উত্তর সুজাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মহোরম (৩০), এলুয়াড়ী ইনিয়নের শোলাকুড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে জাকির হোসেন (৩০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মেহের আলীর ছেলে আরিফুল ইসলাম (৩০) ও রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সমশের আলী মণ্ডলের ছেলে এরশাদুল আলম (৫২)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পৌর শহরের সরকারি কলেজের পিছনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছোট যমুনা নদীর পাড় থেকে ২৪ পুরিয়া হিরোইন ও তিন পিচ ইয়াবাসহ দু’জন মাদক কারবারি ও ছয় জন মাদকসেবীকে আটক করা হয়। মাদক কারবারি কামাল হোসেন পলাশের ছয় মাস সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা ও মনিরুজ্জামানকে চার মাস সাজা ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাদকসেবী ছয়জনকে তিন মাস করে সাজা প্রদান করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।



