জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, লোডশেডিং এবং ভোলায় বিএনপি কর্মী নূর আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের কর্মী শাওন হত্যার প্রতিবাদে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লৌহজং উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১০টার দিকে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ জাহান খানের সভাপতিত্বে ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবীবুর রহমান অপু চাকলাদারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগীবাড়ী) অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান রতন। আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাদল হোসেন হাওলাদার, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, কাউছার তালুকদার, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুক্তার খান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা লুৎফর রহমান পাভেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহ্বায়ক মো: রাজন মাদবর, আওলাদ হোসেন, ওমর ফারুক লিমন, শৌকত মোল্লা, সুমন, সোলাইমান,অনিক, প্রমুখ।
দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘জ্বালানি তেলের দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বাড়ানো হয়েছে। আজকে দেশের যে অবস্থা আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। দেশে আইনের শাসন নেই। নিত্যপ্রয়োজনীয় সবকিছুই ঊর্ধ্বগতির চাপে ক্রয়ক্ষমতার বাইরে। এ অবস্থায় আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। প্রতিবাদ করতে হবে, রাজপথে নামতে হবে।’
লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ জাহান খান বলেন, ‘দেশ পরিচালনায় সরকার ব্যর্থ, সাধারণ মানুষের কথা চিন্তা না করে ক্ষমতার লোভে মানুষকে নির্যাতন করে টিকে আছে। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার দাবি জানান তিনি।’
জেলা বিএনপির নেতারা বলেন, ঢাকা শহর এখন বিএনপির দখলে। মুন্সীগঞ্জসহ সারাদেশ বিএনপির নেতাকর্মীরা দখলে নিবে। কারণ বর্তমান সরকারের জুলুম অত্যাচার ও জ্বালানি তেল, সারসহ দ্রব মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন অতিষ্ঠ। জনগণ এখন আর এ সরকারকে এক মুহুর্তের জন্য ক্ষমতায় দেখতে চায় না। এজন্য জনগণ বিএনপির পক্ষে মাঠে নেমেছে। এর আগে সকাল থেকে জেলার পাঁচ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত কার্যালয়ের সামনে জড়ো হন। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতা-কর্মী অংশ নেন।
বক্তারা আরো বলেন, ‘ভোলায় নূর আলম ও নারায়নগঞ্জ শাওনকে মিছিলে গুলি করে হত্যা করা হয়েছে। শাওন হত্যার পর পরিবারকে দিয়ে আবার বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করিয়েছে। আমরা তাদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যতদিন খালেদা জিয়া মুক্ত না হবেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার দেশের মানুষ ফিরে না পাবে, ততদিন রাজপথে এ আন্দোলন চলছে, চলবে।’



