সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে তাদেরকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরণ করেন। এর আগে সিরাজগঞ্জ জেলা ডিবি পুলিশের সাব ইনেসপেক্টর মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে রাত ১১টার দিকে সিরাজগঞ্জ থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবীর চান্দু।

উল্লেখ, গত ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলাকালে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। ওই ঘটনায় পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করে। পুলিশ এ মামলায় ইতোমধ্যেই আটজনকে গ্রেফতার করে।

বিএনপির একটি সূত্র জানায়, জেলা বিএনপি সাধারণ সম্পাদকসহ শীর্ষ এ পাঁচ নেতা হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়ার প্রস্তুতির জন্য ঢাকার আদাবর এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত মুক্তির দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা
বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ।