রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহনী ইনস্টিটিউট স্কুলের গেটের সামনে দুর্বৃত্তদের গুলিতে আরিফুর ইসলাম রকি (২৭) নামে এক পোলট্রি মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রকি খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মো: রাজ্জাক শেখের ছেলে।

রাজবাড়ীর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাত হোসেন হত্যার কথা নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আসামিদের খুঁজে গ্রেফতার করা হবে।

পুলিশ ময়নাতদন্তের জন্য রকির লাশ রাজবাড়ী হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রকি শেখ সন্ধ্যায় সুরাজ মোহনী স্কুলের সামনের দোকানে বসে ছিল। এ সময় খানখানাপুর বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। এতে রনি মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।