কিশোরগঞ্জের নিকলীতে তিন বছর বয়সী শিশুপুত্রকে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন মা চাঁদনী আক্তার। গতকাল শনিবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন চাঁদনী আক্তারের জবানবন্দী রেকর্ড করেন।
নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, আসামি চাঁদনী আক্তার তার শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা গ্রামে এই শিশুহত্যার ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম জোবায়েত। সে উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। অন্য দিকে ঘাতক মা চাঁদনী আক্তার সাজনপুর গ্রামের মজলু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার বছর আগে নিকলী আব্দুল করিমের সাথে চাঁদনীর আক্তারের বিয়ে হয়। বছর তিনেক আগে তাদের একটি ছেলে সন্তান হলে তার নাম রাখা হয় জোবায়েত। বছর খানেক আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যায় চাঁদনী। একমাত্র সন্তান জোবায়েত বাবার কাছে থাকলেও মাঝে মধ্যে সে মায়ের কাছে যেত।
শুক্রবার দুপুরে জোবায়েত মা চাঁদনী আক্তারের কাছে গেলেও বিকেল পর্যন্ত দাদীর বাড়ি ফিরে না আসায় দাদী সুফিয়া বেগম জোবায়েতের খোঁজে চাঁদনী আক্তারের বাড়ি যান।
এ সময় চাঁদনী আক্তার তার শাশুড়িকে জোবায়েত চলে গেছে বলে জানান। এরপর খোঁজাখুঁজি করেও শিশুটিকে কোথাও পাওয়া যাচ্ছিল না।