পাবনার চাটমোহরে হাফিজুর রহমান (২৬) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রমজান আলী ফকির (৩৮) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল সুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল, ভুষির ব্যবসা করতেন। অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘটনার সময় হাফিজ স্থানীয় সুইস গেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে সুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় চিকিৎসকের কাছে নেয়ার পথে তিনি মারা যান। পরে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজানকে আটক করে পুলিশে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ও অভিযুক্তকে আটক করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।