রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে আরিফুল ইসলাম রকি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে খানখানাপুর সুরাজ মেহিনী ইনস্টিটিউট-সংলগ্ন মির্জা ফয়সালের কফি শপের সামনে এ ঘটনা ঘটে।

রকি গোয়ালন্দ উপজলার ছোটভাকলা ইউনিয়ন-সংলগ্ন সরদার পাড়া এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী কফি শপের মালিক মির্জা ফয়সাল জানান, সন্ধ্যা ৬টার দিকে রকিসহ পাঁচ-ছয়জন দোকানে এসে কফির অর্ডার করেন। এর কিছুক্ষণ পর চার-পাঁচটা গুলির শব্দ শোনা যায়। এ সময় দোকান থেকে বের হলে দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরা ব্যক্তিকে পালিয়ে যেতে দেখা যায়।

রকির বাবা আব্দুর রাজ্জাক শেখ জানান, রকি পোল্ট্রি ফার্মের ব্যবসা করতেন। স্থানীয় শামীমসহ ও অন্য যুবকদের সাথে তার ছয় মাস আগে বিরোধ হয়। এর জের ধরে শামীমসহ ওই যুবকেরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় রকিসহ পরিবারের অন্য সদস্যরাও মারধরের শিকার হন। সেই বিরোধের জের ধরেই শামীম তার দলবল নিয়ে রকিকে গুলি করে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহাদত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।