রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ বোতল ফেনসিডিলসহ মো: ফরিদুজ্জামান ফরিদ (৩০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার দুপুরে ফরিদকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়।
ফরিদ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোহরাব মন্ডলের পাড়ার মৃত কাদের শেখের ছেলে। ফরিদুজ্জামান দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক তানভীর হোসেন বলেন, গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে ফরিদুজ্জামানের বিরুদ্ধে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি বিশেষ দল ফরিদকে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মাদকসহ দলীয় নেতা আটকের বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। খুবই দুঃখজনক। তবে কারো ব্যক্তিগত পর্যায়ের এ ধরনের কর্মকাণ্ডের খোঁজখবর রাখা খুবই কঠিন। এই ধরনের নেতা-কর্মী দলের জন্য ক্ষতিকর। তার বিষয়ে খোঁজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
মিশা আরো বলেন, ফরিদুজ্জামান বা ইউনিয়নের অন্য সব নেতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে কমিটিতে সুযোগ পায়। উপজেলা কমিটি তাদের বিষয়ে কিছু জানে না।
তবে স্থানীয় অনেকেই জানিয়েছেন, ফরিদুজ্জামান ফরিদ এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি ছাড়াও এরকম আরো কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের পদ-পদবিতে সুযোগ পাওয়ায় তারা বিস্মিত।



