পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় ওই ইউনিয়নের চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার ও মেম্বরসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান। উচ্চ আদালতের ছয় সপ্তাহ জামিন শেষে তারা পিরোজপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারিক আদালত শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠান।

অন্য চার আসামি হলেন বড়মাছুয়া গ্রামের মৃত আমজাদ হাওলাদারের ছেলে ইউপি চেয়ারম্যানের ভাই বসির হোসেন হাওলাদার, হোছেন আলী খানের ছেলে সায়েস্তা খান টুকু, রহমান সরদারের ছেলে তুহিন সরদার, ইদ্রিস হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার।

পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খ ম হায়দার বিষিয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ১৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১১ বড় মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগের একটি অফিস উদ্বোধনের সময় রাজনৈতিক বিরোধের জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ককটেল বিস্ফোরিত হয়ে তিনজন আহত হয়। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম ১৫ জুলাই বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান (আ.লীগ বিদ্রোহী) নাসির হোসেন হাওলাদারকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।