নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, একটি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় পত্রিকার মাধ্যমে জেলার আনাচে-কানাচে ঘটে যাওয়া নানা অসঙ্গতি, নাগরিক সমস্যা, দুর্নীতিসহ ভালো কাজগুলোও উঠে আসে। সাধারণ মানুষের কথা তুলে ধরে স্থানীয় গণমাধ্যম। তাই উন্নয়ন কিংবা সামাজিক সমস্যা সমাধানে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।

রোববার নারায়ণগঞ্জ থেকে নিবন্ধিত ও প্রকাশিত দৈনিক পত্রিকা মালিকদের সংগঠন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সাথে এক মতবিনিময়কালে জেলা প্রশাসক এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বাদলের নেতৃত্বে এ সময় মতবিনিময়ে উপস্থিত ছিলেন ওনার্স এসোসিয়েশনের কার্যকরী সদস্য সিনিয়র সাংবাদিক আরিফ আলম দীপু, আবু সাউদ মাসুদ, এস ইকবাল রুমি, সহ সভাপতি কাজী ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ, কোষাধক্ষ্য ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, সাবেক সাধারণ সম্পাদক কামুরুল ইসলাম সোহেল ও সদস্য স্বপন কুমার পোদ্দার।

এ সময় জেলা প্রশাসক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের দৃষ্টি আর্কষণ করে আরো বলেন, সংবাদ পরিবেশনে গণমাধ্যমের অনেক বেশি সচেতন হওয়া উচিত, কেন না একটি সংবাদের মাধ্যমে যেমন সমাজ পরিবর্তন করতে পারে, তেমনি একটি ভুল সংবাদে উল্টোটিও ঘটতে পারে।

এ সময় ওনার্সের সভাপতি হাবিবুর রহমান বাদল বলেন, আমরা যারা নারায়ণগঞ্জ থেকে পত্রিকা প্রকাশ করি তারা সবসময়ই সংবাদ পরিবেশনে সতর্ক থাকার চেষ্টা করি। পেশাদারিত্ব বজায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।