কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ট্রাক খাদে পড়ে কানেতা বেগম ও নুর কালেমা নামে দুই রোহিঙ্গা কিশোরী ও টেকনাফে ট্রাকের চাপায় মামুন ও জয়নাল নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানেতা বেগম ক্যাম্প ১৫ এর জি/২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে এবং নুর কালেমা একই এলাকার আবদু সালামের মেয়ে।

এ তথ্য নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন বলেন, ১০ হাজার ইট বহনকারী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে ওই ট্রাকের নিচে চাপা পড়ে কানতা ও নুর কলিমা। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ট্রাকটির নিচ থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, ট্রাকটির চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে টেকনাফে ট্রাকের চাপায় নিহত মামুন ও জয়নালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা সিএনজি সমিটির সাধারণ সম্পাদক নুরুল হোছাইন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকনাফ হাইওয়ে সড়কে কক্সবাজারগামী ‘এ সালাম’ বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু‘জন নিহত এবং তিনজন গুরুতর আহত হন।

টেকনাফ হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দু‘জনকে মৃত ঘোষণা করেন।