রাজবাড়ীতে রকি হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই রোরবার পুলিশ ঘাতক রাকিব শেখ ও ইয়ামিন আলী নামে দু’জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত গুলিসহ দু’টি বিদেশী পিস্তল, পাঁচটি গুলির খোসা ও একটি মুখোশ উদ্ধার করে পুলিশ।
সোমবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নিহত রকির প্রতিবেশী খানখানাপুর সরদার পাড়ার নাজিমদ্দিন শেখের ছেলে রাকিব ও কুষ্টিয়ার দহকুলা গ্রামের মজিবর রহমানের ছেলে ইয়ামিন।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকেলে রাজবাড়ী সদরের খানাখানাপুর সুরাজ মোহনী হাইস্কুলের সামনে কফিশপে বসে চা পান করা অবস্থায় দু’টি মোটরসাইকেলে চারজন সস্ত্রাসী গিয়ে রকিকে চারটি গুলি করেন। পরে তারা হত্যা নিশ্চিত করে দ্রুত পালিয়ে যান। এ সময় ঘাতকদের মুখোশ পরা ছিল। এরপর পুলিশের কয়েকটি টিম শনিবার সারা রাত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ওই ঘাতকদের আটক করে এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে।
এ হত্যাকাণ্ডে ১৬ জনকে আসামি করে নিহত রকির বাবা আব্দুর রাজ্জাক মামলা করেন।
পুলিশ সুপার বলেন, নিহত রকিও ওই এলাকার একটি সস্ত্রাসী মামলার আসামি হিসেবে কোর্ট থেকে জামিনে ছিল।



