ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজের আদালতের বিচারক শারমিন নিগার এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

পাঁচজন আসামির মধ্যে আসামি আমির খাঁ মারা গেছেন। মৃত্যদণ্ডপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট আসামিরা সীমানা বিরোধের জের ধরে শরীফ খাঁকে আখাউড়া চানপুর উত্তর পাড়া বিবাদীদের বসতবাড়ির পূর্ব পাশে ব্রিটিশ পাকা রাস্তার উপরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ যুক্তি-তর্ক শেষে আদালত সোমবার এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত পিপি আজাদ রকিব আহমেদ তুরান।