স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই সহোদরকে কুপিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নয়ন শেখ ওরফে নয়ন বন্ডকে (২৬) একটি অত্যাধুনিক বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাব।
সোমবার দুপুর ১২টার দিকে র্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে রোববার রাতে রাজশাহীর বাঘা উপজেলার পলাশী থেকে তাকে গ্রেফতার করা হয়।
নয়ন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ এলাকার নজরুল শেখের ছেলে।
লিখিত বক্তব্যে ইলিয়াস খান জানান, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২০১৬ সালের ২৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মুজিবর রহমান মাস্টার ও তার ভাই মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে নয়ন ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের ছেলে জাহারুল ইসলাম পরের দিন ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় ২০১৯ সালের ১ ডিসেম্বর কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আসামি নয়ন শেখসহ চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। এ সময় জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক আসামিকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।
রায় ঘোষণার আগে জামিনে মুক্তি পেয়ে নয়ন পালিয়ে যান। পরে প্রযুক্তির সহযোগীতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজশাহী থেকে গ্রেফতার করা হয়।
ইলিয়াস খান আরো জানান, নয়ন এলাকায় নয়ন বন্ড বা নয়ন ডাকাত নামে পরিচিত। হত্যাকাণ্ডের পর তিনি প্রথমে ঢাকায় পালিয়ে যান। তারপর কোর্টে আত্মসমর্পণ করে এ মামলায় দেড় বছর জেল খাটেন। জেল থেকে জামিনে মুক্তি পেলেও পরে জামিন বাতিল হওয়ায় তিনি ভারতে পালিয়ে যান। সেখানে তিনি এক কৃষকের বাড়িতে মহিষের রাখাল হিসেবে কাজ নেন। ভারতে থাকা অবস্থায় নয়ন কুষ্টিয়া ও রাজশাহীর বালুর ইজারাদারদের কাছ থেকে বিকাশের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করতেন বলেও জানান তিনি। নয়নের বিরুদ্ধে নিজস্ব ট্রলারযোগে মাদক ব্যবসা ও মারামারিতে কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি, দুটি মারামারি ও একটি ছিনতাইসহ মোট পাঁচটি মামলা রয়েছে। যা বর্তমানে আদালতে বিচারাধীন।
গ্রেফতারের পর নয়নকে ভেড়ামারা থানা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে বলেও জানান তিনি।



