পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম। আদালত তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত ইসলাম মণ্ডলের ছেলে লিয়াকত আলী ও তার ছেলে আশারত আলী। এ মামলায় এনামুল ও মিন্টু নামে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০১৪ সালের ১১ জুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর এলাকায় আসামিরা সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই দৌলতপুর থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।