বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে আর কখনো নির্দলীয় সরকার হবে না। কারো কথায় নির্বাচন কমিশন বাতিল করা হবে না। কারণ নির্বাচন কমিশন হয়েছে একটা নিয়মের মধ্যদিয়ে। সার্চ কমিটি বাছাই করে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। অন্তত বিবৃতি দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয় তাহলে ফখরুল ইসলাম আলমগীরকেই দিতে হবে।
গতকাল সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে বলেন, ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। সব নেতাকর্মীকে সক্রিয়ভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, সাজেদা চৌধুরীর মৃত্যুতে দেশবাসী বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক এবং মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠককে হারাল।
মতবিনিময় সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন হাওলাদার প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।