ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজের আদালতের বিচারক শারমিন নিগার এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০), গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাঁচজন আসামির মধ্যে আমির খাঁ মারা যাওয়ায় তার বিষয়টি তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট আসামিরা সীমানা বিরোধের জের ধরে শরীফ খাঁকে আখাউড়া চানপুর উত্তরপাড়া বিবাদিদের বসতবাড়ির পূর্ব পাশে ব্রিটিশ পাকা রাস্তার ওপরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ-ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদলাত গতকাল এই রায় ঘোষণা করেন।



